তিন দিনের সরকারি সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি ইসলামাবাদে পৌঁছান বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের আমন্ত্রণে ৬ থেকে ৮ অক্টোবর পাকিস্তানে অবস্থান করবেন জাতিসংঘ মহাসচিব।
ইসলামাবাদে পৌঁছানোর পর ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত নাবিল মুনির বিমানবন্দরে গুতেরেসকে স্বাগত জানান।
সফরকালে গুতেরেস পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাবাহিনী ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া তিনি ভারত ও পাকিস্তানে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক গোষ্ঠী (UNMOGIP)-এর সদর দপ্তর পরিদর্শন করবেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)-এর একটি ব্রিফিংয়েও অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরকালে পাকিস্তান ও জাতিসংঘের নেতৃত্বের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি জাতিসংঘের সঙ্গে ইসলামাবাদের দীর্ঘদিনের সহযোগিতার বিষয়টিও পুনর্ব্যক্ত করা হবে।
পাকিস্তান বহুপাক্ষিকতাবাদ জোরদার এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় দেশটির ভূমিকার বিষয়টি জাতিসংঘ মহাসচিবের কাছে তুলে ধরতে পারে।
এছাড়া দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নে পাকিস্তানের অগ্রগতিও গুতেরেসের আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এই সফর জাতিসংঘকে কেন্দ্র করে বহুপাক্ষিকতাবাদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থন এবং জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি দেশটির অঙ্গীকারের প্রতিফলন।
দেশবার্তা/এমআর