ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের শেয়ারের দাম বাড়ায় আবারও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার (১ লাখ কোটি ডলারের মালিক) হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন ইলন মাস্ক।
মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের হিসাব অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শুরুর পর মাস্কের মোট সম্পদের মূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যায়। একদিনেই তার সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার।
এর আগে গত জুনে তিনি প্রথমবার ট্রিলিয়নিয়ার হয়েছিলেন, তবে পরবর্তীতে শেয়ারের দরপতনে সেই মর্যাদা হারান।
সম্পদের এই বড় লাফে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি তথা অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে গেছেন মাস্ক। বর্তমানে বেজোসের মোট সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ইয়াহু ফিন্যান্সের তথ্যানুযায়ী, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে স্পেসএক্সের শেয়ারের দাম ১৭ দশমিক ৬১ শতাংশ এবং টেসলার শেয়ারের দাম ৫ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। সোমবার টেসলার শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়ে ৩৭৮ ডলারে ওঠে। অন্যদিকে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১৭১ ডলারে।
বিশ্লেষকদের মতে, স্পেসএক্সের মূল্যায়ন নিয়ে বিনিয়োগ ব্যাংক মর্গ্যান স্ট্যানলির ইতিবাচক পূর্বাভাস এবং সম্প্রতি স্টারশিপের সফলভাবে কক্ষপথে পৌঁছানোর বিষয়টি শেয়ারের দর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া চলতি বছরের তৃতীয় প্রান্তিকে টেসলার গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ারের দামও ঊর্ধ্বমুখী।
এদিকে, ইলন মাস্কের জীবন নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ আগামী শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে অস্কারজয়ী পরিচালক অ্যালেক্স গিবনি নির্মিত এই তথ্যচিত্রটির তীব্র সমালোচনা করেছেন মাস্ক এবং নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন।
অন্যদিকে ব্যক্তিগত জীবনে মাস্কের সাবেক সঙ্গী ও নিউরালিংকের নির্বাহী শিভন জিলিস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্কের ইতি টানার কথা জানিয়েছেন। তাদের ঘরে চার সন্তান রয়েছে।
দেশবার্তা/একে