বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নজরদারি এবং আভিযানিক সক্ষমতা বৃদ্ধি করতে বান্দরবানের আলীকদম সীমান্তে নবনির্মিত ‘ছোট আগলা টিওবি’ (টেম্পোরারি অপারেটিভ বেস) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই টিওবিটির উদ্বোধন করেন।
বিজিবির কক্সবাজার রিজিয়ন ও রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী ছোট আগলা এলাকায় টিওবিটির নির্মাণকাজ সম্পন্ন করে। অত্যন্ত দুর্গম ও সীমান্তের নিকটবর্তী স্থানে নতুন এই কেন্দ্রটি স্থাপন করায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার রিজিওনের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মফিজুর রহমান ভূঁইয়া, ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত থেকে পূর্বে বিদ্যমান বিওপিগুলোর (বর্ডার অবজারভেশন পোস্ট) দূরত্ব বেশি থাকায় দুর্গম ওই এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও দ্রুত আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ সৃষ্টি হতো। নতুন এই টিওবি চালুর ফলে সীমান্তে বিজিবির উপস্থিতি সংহত হবে এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সক্ষমতা বাড়বে। একই সঙ্গে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও বিজিবির প্রতি আস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
দেশবার্তা/আইই/একে