ফেনীতে নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনের। ছেলের সন্ধান চেয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। নিখোঁজ ইমন ফেনী শহরের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
ইমনের বাবা শহিদুল ইসলাম জানান, তিনি ব্যাটারিচালিত রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর রাতে আর ফিরে আসেনি ইমন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ফেনীর ফতেহপুর এলাকা থেকে রিকশাটি উদ্ধার করা হয়। তবে রিকশার ব্যাটারিগুলো পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে ওই দিনই ফেনী মডেল থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
মানববন্ধনে ইমনের ভাই মোবারক হোসেন অভিযোগ করে বলেন, “আমরা গরিব মানুষ, পুলিশকে টাকা দিতে পারব না। তাই প্রশাসন আমার ভাইকে খুঁজছে না। আমরা বড়লোক হলে হয়তো আরও আগেই ভাইয়ের সন্ধান পেয়ে যেতাম।”
ইমনের মা মোমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান। তিনি বলেন, “আমি আমার ছোট ছেলেকে ছাড়া বাঁচব না। জীবিত অথবা মৃত, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমার নিরীহ ছেলেটি কোথায় আছে, কার কাছে রয়েছে, আমি জানতে চাই।”
ইমনের বড় ভাই মোশাররফ হোসেন ইপু বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের জন্য তারা পুলিশের কাছে অনুরোধ করেছিলেন। কিন্তু পুলিশ উল্টো তাদের নিজেদের উদ্যোগে ফুটেজ সংগ্রহ করতে বলে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নিখোঁজ ভাইয়ের সন্ধানে পুলিশের কার্যকর উদ্যোগ তারা দেখতে পাচ্ছেন না।
মানববন্ধনে বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াছিন বলেন, ইমন তার মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। ১৫ দিনেও তার সন্ধান না পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উদ্বিগ্ন। তারা দ্রুত ইমনের সন্ধান চান।
তবে পুলিশ বলছে, নিখোঁজ কিশোরের সন্ধানে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে থানার একটি দল এ বিষয়ে কাজ করছে। কিশোরের বাড়ি থেকে শুরু করে তার চলাচলের সম্ভাব্য পথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।
ওসি জানান, সর্বশেষ রাত সাড়ে ৭টার দিকে ইমনকে খালি রিকশা নিয়ে বিসিক এলাকায় দেখা গেছে। এরপর তার অবস্থান সম্পর্কে আর কোনো সূত্র পাওয়া যায়নি। একটি সূত্রের ভিত্তিতে চট্টগ্রামেও অভিযান চালানো হয়েছে। তবে সেখানে তার সন্ধান মেলেনি। ওসি আমিনুল ইসলাম আরও বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
দেশবার্তা/জেএ