গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটির একটি ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ইউনিট ফায়ার সার্ভিসে যোগ দেয়।
ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও নিরাপত্তামূলক কাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও ঘটনাস্থলে যুক্ত হন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানাটির অভ্যন্তরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত নানা ধরনের রাসায়নিক পদার্থ, ভারি যন্ত্রপাতি ও শিল্পসামগ্রী সংরক্ষিত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নেভাতে বেগ পেতে হয়।
এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
দেশবার্তা/একে