আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। দাউদকান্দি টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের আমজাদের বাজার পর্যন্ত সড়ক সংকুচিত হওয়া, যানবাহনের ধীরগতি, খানাখন্দ, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং মহাসড়কের ওপর সিএনজি স্ট্যান্ড ও অবৈধ স্থাপনার কারণে অন্তত ১০টি পয়েন্টে যানজটের শঙ্কা করছেন পথচারী ও পরিবহন চালকেরা।
চিহ্নিত এই যানজটপ্রবণ এলাকাগুলো হলো- দাউদকান্দি টোলপ্লাজা, গৌরিপুর বাজার, মাধাইয়া, চান্দিনা বাজার, নিমসার বাজার, নাজিরা বাজার কাটা, কুমিল্লা সদরের আমতলী এলাকা, সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড, চৌদ্দগ্রাম বাজার ও আমজাদের বাজার। তবে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার যাত্রা নির্বিঘ্ন রাখতে চিহ্নিত এলাকায় বিশেষ নজরদারি ও আগাম প্রস্তুতি রাখা হয়েছে।
গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল উৎসব উদযাপিত হবে ষোলো থেকে একুশে অক্টোবর (ষষ্ঠী থেকে দশমী)। এরই মধ্যে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিনদিন পূজার ছুটি এবং পরদিন শুক্র ও শনিবার মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। এতে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কুমিল্লা মহানগরে ৭২টিসহ জেলাজুড়ে ৮৬০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি অচিন্ত্যদাস টিটু জানান, উৎসবে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বজনেরা কুমিল্লায় আসেন। মহাসড়কে যানজটের কারণে যাতে দর্শনার্থী ও ভক্তদের ভোগান্তিতে পড়তে না হয়, সেজন্য হাইওয়ে পুলিশকে আগাম পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।
নিয়মিত যাতায়াতকারী চালক ও যাত্রীদের অভিযোগ, চার লেনের এই মহাসড়কে এলোমেলো যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা, যত্রতত্র সিএনজি স্ট্যান্ড, অবৈধ দোকানপাট, আমতলী এলাকায় সড়কের ভগ্নদশা এবং চৌদ্দগ্রাম অংশে ঢাকামুখী লেনে সওজের মেরামতকাজের কারণে যানবাহন স্বাভাবিক গতিতে চলতে পারছে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কাজের ধীরগতি ও নিম্নমানের উন্নয়নকাজের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় কমিউনিটি পুলিশিংয়ের নেতারা।
যানজট নিরসনে হাইওয়ে পুলিশের বিভিন্ন থানা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায় ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, টোলপ্লাজা, গৌরিপুর ও চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী কর্মী মোতায়েন থাকবে।
ময়নামতি ও মিয়াবাজার হাইওয়ে থানার ওসিরা জানান, নিমসার, আমতলী ও আমজাদের বাজার এলাকায় সওজের মেরামতকাজ চলায় সিঙ্গেল লেনে গাড়ি চলায় বাড়তি পুলিশ পাহারা রাখা হচ্ছে।
এদিকে সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, পূজার ছুটির আগেই আমতলীসহ বিভিন্ন পয়েন্টের খানাখন্দ মেরামত করা হবে। তবে মহাসড়ক দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
দেশবার্তা/একে