নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটকের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁকে অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা ও সদস্যসচিব তাজুল ইসলাম তাজের যৌথ স্বাক্ষরে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে ১২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন জেলা ছাত্রদলের এই দুই নেতা।
শাকিল হোসেনের বয়স ৩২ বছর। তিনি আত্রাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া এলাকায়। তিনি জাহিদুল ইসলামের ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা। তিনি বলেন, ‘যেসব নেতা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবেন, তাঁদের ঠাঁই ছাত্রদলে হবে না। কাজেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাকিল হোসেনকে তাঁর দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ অব্যাহতির চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘সবার আগে সংগঠন, সবার আগে শৃঙ্খলা।’
দলীয় বিজ্ঞপ্তিতে অব্যাহতির কারণ হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা শাকিল হোসেনকে গাঁজাসহ আটক করেন। একই দিন সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ঘটনায় ১৪ অক্টোবর সংবাদ প্রকাশের পর সমালোচনা শুরু হয়। পরে জেলা ছাত্রদলের পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। সবশেষে তাঁকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রতিনিধি/আরএইচ