| চলমান বার্তা: |

অস্ট্রেলিয়ার স্বতন্ত্র সংসদ সদস্য হেলেন হেইনসকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় তিনি দুই পা হারিয়েছেন। তাঁর স্বামী ফিল হেইনস এ তথ্য নিশ্চিত করেছেন। কর্তৃপক্ষের ধারণা, ঘটনাটি ছিল ইচ্ছাকৃত হামলা।
মেলবোর্ন থেকে প্রায় ২৪০ কিলোমিটার উত্তর-পূর্বে আঞ্চলিক শহর ওয়াঙ্গারাত্তায় নিজের নির্বাচনী কার্যালয়ের বাইরে গাড়িচাপার শিকার হন হেলেন। অভিযোগ অনুযায়ী, টয়োটা ল্যান্ডক্রুজার দিয়ে তাঁকে ধাক্কা দেন ব্রেন্ডন নুজেন্ট। ঘটনার কয়েক মুহূর্তের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
মেলবোর্নে হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে ফিল হেইনস বলেন, ভয়াবহ ঘটনায় তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তবে তাঁর মনোবল অটুট রয়েছে। তিনি বলেন, এত কিছুর পরও সবচেয়ে বড় সুখবর হলো, হেলেন বেঁচে আছেন।
বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ফিল হেইনস বলেন, তাঁর স্ত্রীর সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘ ও কঠিন হবে। তবে তিনি একজন লড়াকু মানুষ। পরিবারের ভালোবাসা ও সমর্থন নিয়ে সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে তাঁরা আশাবাদী।
হেলেনের চিকিৎসায় নিয়োজিত হাসপাতালের কর্মীদের পাশাপাশি অস্ট্রেলিয়া ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা তাঁর সুস্থতা কামনা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান ফিল। সমর্থন জানাতে আগ্রহীদের সেভ দ্য চিলড্রেন তহবিলে অনুদান দেওয়ার অনুরোধও করেন তিনি। একই সঙ্গে হেলেনের প্রতি ভালোবাসা ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিকে, ৪৩ বছর বয়সী অভিযুক্ত ব্রেন্ডন নুজেন্টকে বুধবার প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে গুরুতর আঘাত করা, ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা এবং কমনওয়েলথের একজন সরকারি কর্মকর্তার ক্ষতিসাধনের তিনটি অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাচেষ্টাসহ আরও অভিযোগ আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।
পাশের শহর তারাউইঙ্গির বাসিন্দা নুজেন্ট পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত বলে পরিচিত। আদালতে সংক্ষিপ্ত শুনানির সময় তাঁকে নীরব ও নির্বিকার দেখা যায়। তিনি জামিনের আবেদন করেননি। আগামী ফেব্রুয়ারিতে তাঁকে আবার আদালতে হাজির হতে হবে।
আদালতের নথিতে তাঁর বিরুদ্ধে গাঁজা চাষ ও নিজের দখলে রাখার অভিযোগের কথাও উল্লেখ রয়েছে। শুনানিতে নুজেন্টের আইনজীবী জানান, তাঁর মক্কেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের (এএফপি) সহযোগিতায় ঘটনার তদন্ত চলছে। এখনো হামলার উদ্দেশ্য নিশ্চিত হওয়া যায়নি।
ভিক্টোরিয়া পুলিশের কমিশনার মাইক বুশ বলেন, ঘটনাটি ইচ্ছাকৃত হামলা বলে অভিযোগ করা হচ্ছে। কেন এ হামলা চালানো হয়েছে, তা খুঁজে বের করাই তদন্তের মূল বিষয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিটি দিক খতিয়ে দেখে পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে নুজেন্ট তাদের নজরদারিতে ছিলেন না। হেলেন হেইনসকে লক্ষ্য করে হামলার কোনো হুমকির গোয়েন্দা তথ্যও পুলিশের কাছে ছিল না।
দেশবার্তা/এমআর
