বরগুনার পাথরঘাটায় কাঠালতলী ইউনিয়নের কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা জামায়াত আমির মো. শামীম আহসানের ওপর হামলা, গুরুতর জখম, হত্যাচেষ্টা এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় চিফ হুইপ নুরুল ইসলাম মনির ভাগনে ইব্রাহীম খলিল নয়নসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। সব মিলিয়ে মামলায় আসামির সংখ্যা ১৬ বলে জানা গেছে।
গত ২০ অক্টোবর রাতে শামীম আহসানের স্ত্রী ওজিফা আক্তার বাদী হয়ে পাথরঘাটা থানায় মামলাটি করেন। এজাহারে নাম উল্লেখ করা আটজনকে বিএনপির কর্মী বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর সকাল ১০টার দিকে মোটরসাইকেলে বিদ্যালয়ে যাওয়ার পথে কিরণপুর মাদ্রাসার কাছে শামীম আহসানের পথরোধ করেন মামলার ৫ নম্বর আসামি ইব্রাহীম খলিল নয়ন। এ সময় তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন বাদী। টাকা দিলে নির্বিঘ্নে বিদ্যালয়ের কার্যক্রম চালাতে পারবেন বলেও তাঁকে জানানো হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে শামীম আহসান টাকা দিতে অস্বীকৃতি জানান।
চাঁদা দাবির দুই দিন পর, ১৫ অক্টোবর বেলা আড়াইটার দিকে কেরামতপুর বাসস্ট্যান্ডের কাছে শামীম আহসানের মোটরসাইকেলের গতিরোধ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ সময় ইব্রাহীম খলিল নয়নের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র, স্টিলের টেলিস্কোপিক ব্যাটন, জিআই পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদীর অভিযোগ, হামলাকারীরা শামীম আহসানের বুক, মাথা, দুই হাত ও পায়ে আঘাত করেন। এতে তাঁর ডান হাতের দুটি হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মঠবাড়িয়ার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩০ এপ্রিল বিদ্যালয়ে যাওয়ার পথে শামীম আহসান হামলার শিকার হয়েছিলেন। ওই ঘটনায়ও চিফ হুইপের ভাগনে ইব্রাহীম খলিল নয়নের নেতৃত্বে কয়েকজন তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেছেন বাদী।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় কয়েকজনকে আসামি করে একটি মামলা এজাহারভুক্ত করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ