“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালের বটতলা এলাকা থেকে র্যালিটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলা ট্রাফিক বক্সের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নিসচার এ বর্ণাঢ্য র্যালিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল আলম শিপলু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জহিরুল ইসলাম ও সৈয়দ মনিরুজ্জামান।
এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ফারুকুজ্জামান, সহসভাপতি বদরুল হুদা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল বাহার বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, দুর্ঘটনা বিষয়ক সম্পাদক মো. খাইরুল ইসলাম, কার্যকরী সদস্য জুনায়েদ পিন্টু,প্রচার সম্পাদক মো. লুৎফুল কবীর, ক্রীড়া সম্পাদক হাবিবুল্লাহ বাহার রানা, যুব বিষয়ক সম্পাদক মো. রোবেল মিয়া, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ডা. রুমা সিদ্দিকী ও শাহ আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং বিআরটিএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং পারস্পরিক দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ব্যক্তি, পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এদিকে, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিকেলে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সহধর্মিণী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফিরাত কামনা এবং ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিনিধি/আরএইচ