মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘ ৪০ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে আনন্দ ও আবেগে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। বহু বছর পর একে অপরকে দেখে জড়িয়ে ধরা, আবেগাপ্লুত হয়ে পড়া এবং শৈশবের ডাকনামে ডেকে ওঠার মধ্য দিয়ে ফিরে আসে কৈশোরের স্মৃতি।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজন করা হয় র্যালি, স্মৃতিচারণ, আলোচনা সভা, মতবিনিময় ও মিষ্টিমুখসহ নানা কর্মসূচি। এ ছাড়া কলেজের বর্তমান অধ্যক্ষের কক্ষে স্মৃতিচারণমূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে দীর্ঘদিন পর বন্ধুদের দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই একে অপরকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুনর্মিলনীর মূল পর্বে সহপাঠীরা কলেজজীবনের স্মৃতিচারণ করেন, বর্তমান জীবনের নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং হারিয়ে যাওয়া বন্ধুদের স্মরণ করেন।
প্রথম পর্বে আড্ডায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কলেজের শ্রেণিকক্ষ, বারান্দা ও চেনা আড্ডার মাঠ ঘিরে ফিরে আসে পুরোনো দিনের স্মৃতি। সহপাঠীরা কলেজজীবনের খুনসুটি, শিক্ষকদের শাসন এবং নানা ঘটনার স্মৃতিচারণ করেন।
পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ১৯৮৬ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, “জীবনের তাগিদে আমরা কে কোথায় হারিয়ে গিয়েছিলাম। কিন্তু এই ক্যাম্পাস আমাদের হৃদয়ে সবসময় জড়িয়ে ছিল। আজ ৪০ বছর পর এখানে এসে মনে হচ্ছে আমরা আবার সেই তরুণ বয়সে ফিরে গেছি।”
তাঁরা কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশের প্রশংসা করেন এবং এ ধারা বজায় রাখতে বর্তমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
নাশতা ও দুপুরের প্রীতিভোজের পাশাপাশি র্যালির আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজন শেষে পুরোনো স্মৃতি নিয়ে আবারও মিলিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রাক্তন শিক্ষার্থীরা।
প্রতিনিধি/আরএইচ