ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।
রামেক হাসপাতালে গিয়ে গোলাম মোস্তফা মামুন ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম।
ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হন। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালে ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করে গোলাম মোস্তফা মামুন তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভূমিমন্ত্রী দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।
এদিকে, বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁকে ঢাকায় আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে ঢাকার বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলবে।
এর আগে, বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় তাঁকে একাধিক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিনিধি/আরএইচ