জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। এ সময় মাদক বহনকারী প্রাইভেটকারের চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত ভোরে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যের চর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির ঝাওডাঙ্গা বিওপির সদস্যরা রৌমারী-ঢাকা সড়কের মধ্যের চর এলাকায় অবস্থান নেন। বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে করে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে বলে তথ্য পাওয়া যায়। পরে প্রাইভেটকারটি বিজিবির চেকপোস্ট অতিক্রম করার সময় সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় গাড়িতে থাকা ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক আলাল মিয়া (৪৫) ও মাদকের ক্রেতা রিপন সাহাকে (৪৩) আটক করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ