আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে তিনটি বৈশ্বিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে পাঁচ কার্গো ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এলএনজি কেনা হবে। এছাড়া জাপানের জেরা গ্লোবাল মার্কেটস প্রাইভেট লিমিটেড থেকে এলএনজি কেনার প্রস্তাব নীতিগত অনুমোদন পেয়েছে।
শনিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পৃথক বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
রোববার (২৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম জাপান-কোরিয়া বাজারদরের (জেকেএম) চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে।
দুই পক্ষের সম্মতিতে ভবিষ্যতে প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার সুযোগ রাখা হয়েছে। সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯-এর ২ বিধি অনুসরণ করে সরাসরি প্রক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সভায় সরকার-টু-সরকার (জিটুজি) দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব পাস হয়। আগামী ২০ ডিসেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোর প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম জেকেএম বাজারদরের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম পড়বে।
অন্যদিকে, জেরা গ্লোবাল মার্কেটস থেকে এলএনজি ক্রয়ের বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাব অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন দেওয়া হয়। সরকারি ক্রয় আইন ও বিধিমালা মেনে সরাসরি ক্রয়পদ্ধতিতে এ প্রস্তাব আনা হয়েছিল।
একই সঙ্গে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) সঙ্গে জেরা গ্লোবালের চূড়ান্ত হওয়া স্বল্পমেয়াদি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং শর্তপত্রের নির্ধারিত নমুনা স্বাক্ষরে নীতিগত সায় দেওয়া হয়েছে।
দেশবার্তা/একে