চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৩০০ পিস আমদানি নিষিদ্ধ 'গৌরী' বিউটি ক্রিম উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বিমানবন্দর টিম।
শনিবার (৭ নভেম্বর) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রামে আসেন মোহাম্মদ জাহেদ নামের ওই যাত্রী। তার সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ১ হাজার ৩০০ পিস আমদানি নিষিদ্ধ 'গৌরী' বিউটি ক্রিম উদ্ধার করা হয়। পরে জব্দ করা পণ্যগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাহেদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা। প্রতিটি ক্রিমের আনুমানিক বাজারমূল্য ৩৫০ টাকা হিসেবে উদ্ধার করা পণ্যের মোট মূল্য ৪ লাখ ৫৫ হাজার টাকা।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ হওয়ায় ক্রিমগুলো ডিএম মূলে আটক করা হয়েছে। পণ্যগুলো ধ্বংসযোগ্য হওয়ায় এর বিপরীতে রাজস্ব আদায়ের সুযোগ নেই। এ ধরনের ঘটনায় প্রথমবার জড়িত হওয়ায় ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/আরএইচ