নির্ভরযোগ্য ও স্বচ্ছ পরিসংখ্যান নিশ্চিত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তথ্য। সঠিক ডেটা ছাড়া সরকারের পক্ষে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা সম্ভব নয়।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে ‘বিবিএস দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেগুলোর বাস্তবায়নও চলছে। বিবিএসের জনবলসংকটের বিষয়টিও সরকার বিবেচনা করছে। এ ক্ষেত্রে ইতিমধ্যে কিছু জনবল দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে।
অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর জোর দিয়ে তিনি বলেন, অর্থনীতির গণতন্ত্রীকরণ ছাড়া রাজনৈতিক গণতন্ত্রীকরণ কার্যকর হবে না। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম কীভাবে আরও গণমুখী ও জনমুখী করা যায়, কীভাবে তথ্যের বিশ্বাসযোগ্যতা, নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়, সেটিই সরকারের অন্যতম লক্ষ্য। তথ্যের স্বচ্ছতা নিয়ে জনগণের মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়।
তথ্যের সঠিকতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, কোনো সরকার তথ্যের কারসাজি করলে তা হবে নিজের সঙ্গে প্রতারণার শামিল। কারণ, সরকারের কর্মসূচি সফল করতে হলে প্রথমেই সঠিক তথ্য থাকতে হবে। তথ্য হচ্ছে একটি সরকারের ব্যালান্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে সরকারের হাতে নির্ভরযোগ্য তথ্য থাকবে না, তার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সীমিত।
অতীতের ফরেনসিক অডিট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, এর উদ্দেশ্য ছিল সমস্যার গভীরে গিয়ে প্রকৃত কারণ চিহ্নিত করা এবং সমাধানের যাত্রা শুরু করা, কোনো সরকারের দোষত্রুটি খুঁজে বের করা নয়।
তথ্য উন্মুক্ত করার তাগিদ দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যত বেশি তথ্য উন্মুক্ত করা হবে, তত বেশি মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যাবে। এতে ভুলত্রুটি সংশোধন সহজ হবে। তথ্য কোনো সরকারের একক সম্পদ নয়, এটি সবার।
এছাড়া ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ উদ্যোগসহ আধুনিক শাসনব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন তিনি। বক্তব্যের শেষে পরিসংখ্যান ব্যবস্থাপনাকে বিশ্বস্ত ও সমৃদ্ধ করতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী।
দেশবার্তা/একে