ত্রয়োদশ জাতীয় সংসদের চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে উপস্থিত সকল সদস্য তাঁর এই প্রস্তাবে সর্বসম্মত সম্মতি জানিয়েছেন।
রোববার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতির বিষয়ে খোঁজ নেন। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হবে।
এছাড়া জাতীয় সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কমিটিকে জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। অধিবেশন চলাকালে সংসদে বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ৬ মেগাওয়াট এবং অন্যান্য সময়ে তা আরও কমে যায়। ফলে সংসদের নিজস্ব চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সুযোগ রয়েছে।
এ সময় বিদ্যুৎ সংরক্ষণাগারের (ব্যাটারি স্টোরেজ) সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
একই বৈঠকে ই-পার্লামেন্ট বাস্তবায়নের অগ্রগতি এবং জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কমিটিকে অবহিত করেন ডেপুটি স্পিকার।
দেশবার্তা/একে