ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
কমিটির সদস্যদের মধ্যে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
বর্তমান ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে। আগের অধিবেশন মুলতবি হওয়ার ৬০ দিন পর এ অধিবেশন বসছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না।
এর আগে গত ১০ সেপ্টেম্বর মাত্র ৯টি বৈঠকের পর সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি করা হয়।
বাজেট অধিবেশন হিসেবে পরিচিত দ্বিতীয় অধিবেশন ২৭ কার্যদিবস চলার পর গত ১৫ জুলাই মুলতবি করা হয়।
বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে সংসদ। বর্তমান বিএনপি সরকারের অধীনে এটিই প্রথম বাজেট।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
প্রথম অধিবেশনে সংসদ ৯৪টি বিল পাস করে, যার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশের বিপরীতে আনা ৯১টি বিল ছিল। এছাড়া কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হয়।
দেশবার্তা/একে