প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীতে তার সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরসহ সিলেট অঞ্চলের নেতাদের একটি প্রতিনিধিদল। সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে তারা মন্ত্রীর বাসভবনে যান।
প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন লস্কর।
প্রতিনিধিদলের সদস্যরা চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তারা তার দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং সবার কাছে দোয়া চান।
উল্লেখ্য, গত শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শন ও একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন আরিফুল হক চৌধুরী। কর্মসূচি শেষে অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। পরে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরের আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কার্ডিওলজিস্ট শিশির বসাক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে পূর্ণ সুস্থতার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশবার্তা/আরএইচ