সাতক্ষীরার বিনেরপোতায় প্রতিবন্ধী আসাদুল ইসলামের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্যাটারিচালিত পা-ভ্যান দিয়েছে ইউনাইট ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংস্থাটির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় তাঁর হাতে ভ্যানটি তুলে দেওয়া হয়।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে দাননির্ভরতার পরিবর্তে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ভ্যানটি পাওয়ায় আসাদুল ইসলামের জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বিন রফিকুল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন, সদস্য আব্দুল্লাহ আল-মামুন সম্রাট ও সাঈদ ইসলাম। এ ছাড়া স্থানীয় বাসিন্দা আকবর আলী, আইয়ূব আলী, দেলোয়ার হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, কর্মসংস্থানের উপকরণ দিয়ে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হতে পারে।
ইউনাইট ফাউন্ডেশন জানিয়েছে, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাঁদের স্বনির্ভর জীবন গঠনে সহায়তা করাই সংস্থাটির স্বাবলম্বীকরণ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
দেশবার্তা/আরএইচ