ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী ১০ জন নবীন চিকিৎসককে সম্মাননা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা-২০২৬’ শীর্ষক এ আয়োজন করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে এই সম্মাননা অনুষ্ঠান হয়। নবীন চিকিৎসকদের মেধা ও অর্জন তুলে ধরতে এবং তাঁদের অনুপ্রাণিত করতে এ আয়োজন করা হয় বলে জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সম্মাননার প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী শক্তিকে অনুপ্রাণিত করতেই আমাদের এই উদ্যোগ। ইউনিভার্সেল মেডিকেল কলেজ সদা মেধার সম্মান ও মানবিকতার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা সহ সারাদেশের জটিল ও মুমূর্ষ রোগীদের উন্নত চিকিৎসা প্রদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নূরুল ইসলাম, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদের সাবেক ডিন ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, গণমাধ্যম ব্যক্তিত্ব, চিন্তক ও বিতার্কিক ডা. আব্দুন নূর তুষার, শিক্ষকদের পক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারির বিভাগীয় প্রধান ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দীপু এবং এটিএন বাংলার সিইও অ্যান্ড অ্যাডভাইজর লেফটেন্যান্ট কর্নেল (অব.) মীর মো. মোতাহার হাসান।
বক্তারা নিজ নিজ বক্তব্যে এ উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত চিকিৎসকেরা তাঁদের অনুভূতি তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে থাকা চিকিৎসকেরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় মেধাতালিকায় শীর্ষ দশে থাকা চিকিৎসকেরা হলেন, ১ম ডা. সাফিয়া তাসনিম সেমন্তি (ঢাকা মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১৩৩৭), ২য় ডা. ফারিহা রহমান (ঢাকা মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১৩৩৪), ৩য় ডা. আল ইশরাত জাহান ঈশিতা (ঢাকা মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১৩০৮), ৪র্থ ডা. ইসরাত নাজিয়া তানিন (পটুয়াখালী মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৯২), ৫ম (যুগ্ম) ডা. সিফাত-ই-সাদিকা (ঢাকা মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৯০) ও ডা. মো. তৌহিদুল ইসলাম (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৯০), ৭ম ডা. নামান মুখিজা (ভারত) (তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৮৯) এবং ৮ম (যুগ্ম) ডা. নাহিদ ইসলাম শমী (পটুয়াখালী মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৮৮), ডা. মাহমুদুন নবী ইমন (ঢাকা মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৮৮) ও ডা. আলিফ সানজানা রুমু (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ- প্রাপ্ত নম্বর ১২৮৮)।
শীর্ষস্থানীয় ১০ জন ইন্টার্ন চিকিৎসককে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ (ইউএসএ) ও উপহার সামগ্রী দেওয়া হয়। এছাড়া অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল জানিয়েছে, চিকিৎসা শিক্ষায় অর্জন ও মেধা বিকাশে ভবিষ্যতেও এ আয়োজন ধারাবাহিকভাবে চলবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শান্তা জাহান এবং সমন্বয় করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের হেড অব ব্র্যান্ড সি এফ জামান।
দেশবার্তা/একে