দীর্ঘ আট মাস পর মৃত্যুশূন্য দিন কাটানোর পরদিনই গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া নয়জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য জানানো হয়নি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকায় ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন ও সিলেট বিভাগে ২৫ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ২০৮ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৩৯ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ৩০০ জন। এ সময়ে সন্দেহজনক হামে ১ হাজার ২৫৬ জন ও নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।
দেশবার্তা/একে