ভারতের পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার বৈঠক ভয়ংকর নীলনকশার অশুভ ইঙ্গিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার প্রতীক। তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রি করা দল। তাদের প্রতিরোধে আমরা প্রস্তুত।
সীমান্তের ওপারে বসে আওয়ামী লীগের নেতারা হত্যার নির্দেশ দিচ্ছেন বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, যারা হত্যার নির্দেশ দেন, তারা দেশের মানুষের বন্ধু হতে পারেন না।
তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হওয়ার জন্য পলাতক আওয়ামী লীগ নেতারা দায়ী। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না।
রিজভী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।
দেশবার্তা/একে