সিলেট মহানগরীতে আগের রাতে চালিবন্দরে দাঁড়িয়ে থাকা চার বাসে আগুনের ঘটনা ও পরদিন ভোরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান গেটে আগুন দেওয়ার পরপর দুটি পৃথক ঘটনায় সতর্ক অবস্থানে রয়েছে এসএমপি পুলিশ। ওই দুটি ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের দুজন কর্মী আটক করা হয়েছে। তবে চালিবন্দরের ঘটনায় স্থানীয় বিএনপির নেতারা পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনা দুটির পর থেকেই এসএমপি পুলিশ সড়কে চেকপোস্ট-তল্লাশি জোরদার করেছে। পাশাপাশি আবাসিক হোটেলে আগত সন্দেহভাজনদের দিকে কড়া নজরদারি রেখেছে। একই সঙ্গে চালিবন্দরের চার বাসে আগুনে ওই এলাকার পুলিশ ফাঁড়ির আইসি শিপলু চৌধুরীর সম্পৃক্ততাও খতিয়ে দেখছে পুলিশ।
সিলেট মহানগরীর চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা ৪টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয় (ল’ কলেজ) এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাস চারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, আগুনে পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণ করেন।
পুলিশ সূত্র জানায়, ঘটনার রাতে চালিবন্দরের ওই সড়কে নিষিদ্ধ দলের দুর্বৃত্তরা কারা চলাচল করেছিল, তা খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। পাশাপাশি দুর্বৃত্তরা বাসে আগুনে গান পাউডার ব্যবহার করেছে কিনা, তাও তদন্ত করা হচ্ছে। গান পাউডার ব্যবহার করা হয়ে থাকলে, তা দুর্বৃত্তরা কোথায় পেল-তা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে।
বিএনপির দাবি, এ ঘটনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির আইসি শিপলু চৌধুরীর দায়িত্বে অবহেলা রয়েছে। তিনি ঘটনার সময় ওই এলাকায় ছিলেন নাকি অন্য এলাকায় ছিলেন, তা খতিয়ে দেখতে হবে।
সিলেটে চার বাসে অগ্নিসংযোগের বিষয়ে প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, সিলেট মহানগরীর কোতোয়ালী থানার অন্তর্গত এই ফাঁড়িটি এখান থেকে খুব বেশি দূরে নয়। এই ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা, তাঁরা রাতের বেলা কাকে পাহারা দেন? তাঁরা এ দেশের জনগণকে পাহারা দেন, নাকি পালিয়ে যাওয়া নেতাকর্মীদের পাহারা দেন? যারা সিলেটসহ দেশের মধ্যে লুকিয়ে আছে তাদের পাহারা দেন-এটা তাঁরাই ভালো বলতে পারবেন। তবে যে গাড়িগুলো পোড়ানো হয়েছে, সেখানে প্রশাসন ব্যর্থ।
পুলিশ সূত্র আরও বলছে, ঘটনার রাতে আইসি শিপলু চৌধুরী নিজের ফাঁড়ি এলাকায় দায়িত্বরত ছিলেন না। সোবহানীঘাট ফাঁড়ি এলাকায় ওই রাতে চোরাচালানের ৫০টি গাড়ি প্রবেশ করেছিল। ওই গাড়ি পাসের সঙ্গে জড়িত ছিলেন এসআই শিপলু চৌধুরী, মুন্সি সাইফুল, কনস্টেবল কামাল ও কনস্টেবল কালাম। তাই তারা চালিবন্দর এলাকায় টহলের আওতায় আনতে পারেননি। যে কারণে, দুর্বৃত্তরা পুলিশ না থাকার সুযোগে চালিবন্দরের চার বাসে আগুন দেয় বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে।
এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান গেটে আগুন দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হননি, বাসারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
অপরদিকে, সিলেটে পরপর দুটি আগুনের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। গত শনিবার রাত থেকে সিলেট নগরীর সড়কে ব্যাপক তল্লাশি করা হচ্ছে। সড়কে ও আবাসিক হোটেলে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। সিলেট মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করতে রাত্রীকালীন ব্লক রেইড, চেকপোস্ট, যানবাহন তল্লাশি ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি বাড়িয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মহানগরীর ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে এসব কার্যক্রমের তথ্য জানানো হয়।
এদিকে, জননিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর এলাকায় প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল সীমিত করেছে এসএমপি। শনিবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের হালনাগাদ যানবাহনের কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে হচ্ছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁড়ির আইসির যোগসাজশ বা দায়িত্বে কোনো অবহেলা রয়েছে কিনা-তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ