আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যকলাপ প্রতিরোধে জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্প এলাকা ও অন্যান্য জরুরি স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তর নিজস্ব মনিটরিং সেলের মাধ্যমে প্রযুক্তিভিত্তিক নজরদারি বজায় রেখেছে।
মনিটরিং সেলটিতে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি আরও বলেছে, বাহিনীর সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বও সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে পালন করছেন।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দেশবার্তা/একে