আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বার শিরোপা অর্জন করলো টিম ডমিনেটরস। ২২ নভেম্বর দুপুরে পল্টন ময়দান মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টিম এভারগ্রীনকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টিম ডমিনেটরস। বিজয়ী দলের হয়ে প্রথম গোলটি করেন আশিক মাহমুদ ও দ্বিতীয় গোলটি করেন ইশতিয়াক ইমন। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন ইশতিয়াত ইমন। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ ট্রফি তুলে দেন আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মোঃ মোজাম্মেল হক। এসময় ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদি তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, মাদকমুক্ত যুব সমাজ গড়তে আগামীর প্রজন্মকে আরো বেশি করে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। তাই দেশের সর্বস্তরে ক্রীড়া প্রতিযোগিতার সুযোগ সম্প্রসারণে কাজ করছে সরকার।
রোববার (২২ নভেম্বর) পল্টন ময়দান মাঠে আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তৃতায় তিনি আরো বলেন, শিশু কিশোরদের মধ্যে ক্রীড়া উৎসাহ আরো বাড়াতে সাংবাদিকদের বেশি করে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আনন্দ গ্রুপের চেয়ারম্যান গাজী মোঃ মোজাম্মেল হক বলেন, গনমাধ্যমের ব্যস্ততম সময়ের পরেও সাংবাদিকদের এ ধরনের খেলাধুলার চর্চা অন্যপেশাজীবীদেরকেও উৎসাহিত করে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, ক্র্যাব সদস্যরা শুধু রিপোর্টিংই করেন না, এর বাইরে সমাজ সচেতন করতেও খেলাধুলার চর্চার মাধ্যমে অন্যদের উৎসাহিত করনে। যুবক সমাজকে মাদক মুক্ত রাখতে ক্র্যাব সদস্যরা কাজ করে যাচ্ছে বলেও জানান ক্র্যাব সভাপতি।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন,গণমাধ্যম কর্মীদের খেলাধুলা চর্চার মাধ্যমে সামাজিক পরিবতর্নে অংশীদারিত্ব বাড়াতে হবে।
এবারের আনন্দ হাউজিং-ক্র্যাব স্পোর্টস কার্নিভাল-২০২৬ এর ফুটবল টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করেন। নক আউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক এম এম বাদশাহ’র সঞ্চালনায় খেলা পরিচালনা করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর।
দেশবার্তা/আরএইচ