নানার বাড়িতে বেড়াতে গিয়ে বেলুন নিয়ে খেলছিল দুই বছরের শিশু তাবাচ্ছুম। খেলার একপর্যায়ে বেলুনটি মুখের ভেতর দিয়ে গলায় আটকে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মাত্র দুই দিন আগে শিশুটির আকিকা অনুষ্ঠিত হয়েছিল। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন স্বজনেরা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার শরাফতি গ্রামে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাবাচ্ছুম বরুড়া পৌরসভার কশামী গ্রামের মসজিদ বাড়ির বাসিন্দা মহিন উদ্দিনের একমাত্র মেয়ে। সম্প্রতি দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পা রেখেছিল শিশুটি।
পরিবার সূত্রে জানা যায়, তাবাচ্ছুম নানার বাড়ি শরাফতিতে বেড়াতে গিয়েছিল। রোববার বিকেলে সেখানে বেলুন নিয়ে খেলার একপর্যায়ে সেটি তার মুখের ভেতর দিয়ে গলায় আটকে যায়। এতে সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নিজে বেলুনটি বের করার চেষ্টা করেও পারেনি। পরে তার নানুসহ পরিবারের সদস্যরা বেলুনটি বের করার চেষ্টা করেন। কিন্তু তাঁরাও ব্যর্থ হন।
একপর্যায়ে শিশুটিকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইসিজি করানোর জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে আবার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাবাচ্ছুমের চাচা কাউছার আহমেদ বলেন, ‘আমি তখন বরুড়ায় ছিলাম। হঠাৎ খবর পাই, তাবাচ্ছুম অসুস্থ হয়ে পড়েছে। তাকে নানুর বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, তার হাত-পা একেবারে ঠান্ডা হয়ে গেছে। পরিবারের সদস্যদের কাছে জানতে চাইলে তাঁরা জানান, তাবাচ্ছুম খেলনা বেলুন মুখে দিয়েছিল। বেলুনটি মুখে দেওয়ার পর হঠাৎ সে অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। একপর্যায়ে নিজেই গলা থেকে বেলুনটি বের করার চেষ্টা করেও পারেনি। এমনকি তার নানু বেলুনটি বের করার চেষ্টা করেও ব্যর্থ হন।
‘এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি অন্যত্র করানোর পরামর্শ দেন। পরে আমরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ইসিজি করাই। এরপর আবার সরকারি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মৃত শিশুটির দাদা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (সেনা) বলেন, ‘তাবাচ্ছুম তার নানার বাড়িতে বেলুন নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে বেলুনটি মুখের ভেতর দিয়ে গলায় আটকে যায়। এতে তার শ্বাসকষ্ট শুরু হয়। শেষ পর্যন্ত গলায় বেলুন আটকে যাওয়ায় তার মর্মান্তিক মৃত্যু হয়।’
বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। বেলুনটি শ্বাসনালিতে ঢুকে যাওয়ায় তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
মাত্র দুই বছর বয়সী একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটি শোকে স্তব্ধ হয়ে পড়েছে। যে বাড়িতে কয়েক দিন আগেও ছিল আনন্দ-উৎসবের আমেজ, সেখানে এখন বিরাজ করছে শোকের পরিবেশ। শিশুটির মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিনিধি/আরএইচ