যে বয়সে স্কুলের পোশাক পরে সকালবেলা সহপাঠীদের সঙ্গে ছুটে যাওয়ার কথা, সেই বয়সেই হাসপাতালের করিডোর আর ওষুধের গন্ধে দিন কাটছে তাসনিম নিশাত জারার। মাত্র ১০ বছরের এই শিশুটির হাতে থাকার কথা ছিল বই-খাতা, অথচ এখন তার সঙ্গী হয়েছে চিকিৎসার কাগজপত্র, ওষুধ আর অসহনীয় ব্যথা।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার শিরিন আওলাদ মডেল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী জারা। প্রায় আট মাস ধরে স্কুলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। কারণ, প্রাণঘাতী ক্যানসার কেড়ে নিয়েছে তার স্বাভাবিক শৈশব। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে থমকে গেছে তার পড়াশোনা ও আনন্দময় জীবন।
জারার বাবা শহীদ বেপারীর গ্রামের বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলায়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। জীবিকার প্রয়োজনে গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকায় স্বাদ গ্রুপের একটি কারখানায় শ্রমিকের কাজ করেন। স্ত্রী সুমাইয়া ও একমাত্র সন্তান জারাকে নিয়ে ছোট্ট সংসারটি কোনোভাবে চলছিল। কিন্তু মেয়ের অসুস্থতা সেই সংসারের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। হঠাৎ করেই জারার পায়ে তীব্র ব্যথা শুরু হয়।
স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একের পর এক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, জারা বোন ক্যানসারে আক্রান্ত। এরপর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়।
চিকিৎসার দীর্ঘ প্রক্রিয়ায় একদিকে মেয়ের শারীরিক কষ্ট, অন্যদিকে ব্যয়ের চাপ—দুই দিক থেকেই বিপর্যস্ত পরিবারটি।
জারার বাবা শহীদ বেপারী বলেন, জারা তার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই সে ধর্মীয় অনুশাসন মেনে চলত এবং পড়াশোনাতেও ভালো ছিল। মেয়ের হঠাৎ এমন কঠিন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।
তিনি বলেন, মেয়েকে যখন যন্ত্রণায় কাতরাতে দেখি, তখন নিজেকে খুব অসহায় মনে হয়। জারা বারবার জানতে চায়, আবার কবে স্কুলে যেতে পারবে। কিন্তু কবে সেই দিন আসবে, তার কোনো উত্তর বাবা-মায়ের কাছেই নেই।
শহীদ বেপারী জানান, সীমিত আয়ের সংসারে ক্যানসারের চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা চালিয়ে নিতে গিয়ে প্রতিনিয়ত অর্থসংকটে পড়তে হচ্ছে। সহায়তার আশায় সমাজসেবামূলক বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে জানান তিনি।
কারখানায় চাকরি করায় মেয়েকে প্রতিবার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বাবার পক্ষে ছুটি নেওয়া সম্ভব হয় না। ফলে অধিকাংশ সময় মাকেই জারাকে সঙ্গে নিয়ে ঢাকায় যেতে হয়। মেয়ের অসহ্য কষ্ট সামনে থেকে দেখতে দেখতে সুমাইয়াও এখন মানসিকভাবে বিপর্যস্ত।
সুমাইয়া বলেন, একটি নিম্নআয়ের পরিবারের জন্য ক্যানসারের চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। মেয়েকে সুস্থ করে আবার স্কুলে পাঠানোই এখন তার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা। তার ভাষায়, নিজের সবকিছু হারিয়েও যদি মেয়ের জীবন ফিরে পাওয়া যায়, তবু তিনি সেই ত্যাগ করতে প্রস্তুত।
জারার শিক্ষক হযরত আলী পারভেজ বলেন, জারা মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী ছিল। অল্প বয়সে এমন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তার পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত কষ্টের। এই সংকটময় সময়ে জারার পরিবারের পাশে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষদের দাঁড়ানো প্রয়োজন।
জারার ছোট্ট পৃথিবী এখন হাসপাতালের বিছানায় আটকে আছে। তার স্বপ্ন আবার স্কুলে যাওয়ার, সহপাঠীদের সঙ্গে বসে পড়ার, বই-খাতা নিয়ে নতুন দিনের শুরু করার। সেই স্বপ্ন পূরণে প্রয়োজন দীর্ঘ চিকিৎসা আর আর্থিক সহায়তা।
একটি শিশুর শৈশব যেন ক্যানসারের কাছে হার না মানে—এই আশায় জারার পরিবার এখন মানবিক মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে।
প্রতিনিধি/আরএইচ