উত্তরের সীমান্তঘেঁষা জনপদ পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি।
রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। এর সঙ্গে হালকা বৃষ্টিতে জনজীবনে দেখা দিয়েছে কিছুটা অস্বস্তি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ ও দিনমজুরদের পড়তে হচ্ছে বাড়তি ভোগান্তিতে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাসে কমেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্য। কেউ গরম কাপড় জড়িয়ে চলাচল করছেন, আবার কেউ শীত থেকে বাঁচতে আশ্রয় নিচ্ছেন চায়ের দোকানে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে তাঁদের স্বাভাবিক কাজকর্ম। অন্যদিকে, শীতের আগমনী বার্তায় গরম কাপড়ের প্রস্তুতিও শুরু করেছেন অনেকে।
এদিকে, তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় আরও বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার এমন পরিবর্তনে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
প্রতিনিধি/আরএইচ