টাঙ্গাইলের চারান বিল, চাপড়াবিল, মলাদহ, ঝাইতলা, বরকম, পুঁইটা, নেধারসহ বিভিন্ন খাল-বিল ও জলাধার এখন সরালি হাঁসের কলকাকলিতে মুখর। সরালি হাঁস ও দেশি-বিদেশি পাখির কিচিরমিচির ডাক এবং ঝাঁক বেঁধে আকাশে ওড়ার মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ দৃশ্য দেখতে প্রকৃতিপ্রেমীরা ভিড় জমাচ্ছেন গ্রামীণ জনপদে।
অনেকেই সরালি হাঁসকে বিদেশি অতিথি পাখি মনে করলেও পাতি সরালি মূলত বাংলাদেশের আবাসিক জলচর পাখি। শীতকালে খাবারের সন্ধানে ও নিরাপদ আশ্রয়ের খোঁজে এরা দল বেঁধে জলাশয়গুলোতে জড়ো হয়।
এরা সাধারণত শান্ত পরিবেশে পানিতে দলবেঁধে ভেসে বেড়ায়। জলজ উদ্ভিদ, কচি পাতা, শস্যদানা ও ছোট শামুক-ঝিনুক খেয়ে জীবন ধারণ করে। ওড়ার সময় এদের শিসের মতো মিষ্টি ডাক জলাশয়ের পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
সরেজমিনে দেখা যায়, ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বন্নাদিঘীতে সরালি হাঁসের ঝাঁক বেঁধে আকাশে ওড়ার দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করছে। এ দৃশ্য দেখতে প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে বন্নাদিঘীতে। এদিকে কালিহাতী উপজেলার রৌহা শুকনি বিলেও এমন দৃশ্য চোখে পড়ে। শুকনি বিলের পাশে বিভিন্ন প্রজাতির গাছের ছোট একটি বাগানে শত শত বক পাখির বসবাস। সারাদিন তাদের দেখা মেলে না। সন্ধ্যার আগে কিচিরমিচির ডাক দিয়ে দল বেঁধে আসতে থাকে। সকাল হলে খাবারের খোঁজে দল বেঁধে বিভিন্ন খাল-বিল ও জলাধারে চলে যায়।
জানা যায়, মৌসুমের শুরুতেই টাঙ্গাইলের বিভিন্ন বিল ও জলাশয় সরালি হাঁসসহ নানা প্রজাতির পাখির কলতানে মুখর হয়ে ওঠে। শীতকালে উষ্ণতার খোঁজে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি বাংলাদেশের জলাধারগুলোকে নিরাপদ আবাসস্থল হিসেবে বেছে নেয়। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বিলগুলো শীতের অতিথিদের বরণ করে নিতে প্রস্তুত থাকে।
বিশেষ করে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত টাঙ্গাইলের জলাভূমিগুলোতে পাতি সরালি ও বড় সরালি হাঁসের ঝাঁক দেখা যায়। জেলার বিলগুলোতে প্রতিবছরের মতো এবারও সরালি হাঁস ছাড়াও এসেছে হাজার হাজার পরিযায়ী পাখি। প্রতিদিন ভোরে কুয়াশার আঁচল ভেদ করে দলবেঁধে উড়ে চলা পাখির ডানার শব্দ আর কলতানে ঘুম ভাঙে জলাধারের কাছের বাসিন্দাদের। এবারও বিলের কচুরিপানা ও জলজ উদ্ভিদের মাঝে খোলা পানিতে জলকেলিতে মেতে উঠেছে পাখিরা।
টাঙ্গাইল জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৪৩ দশমিক ৫০ হেক্টর আয়তনজুড়ে ১২৮টি খাল, ৬ হাজার ৮০৮ দশমিক ৩৪ হেক্টর আয়তনজুড়ে ২৭৭টি বিল এবং ১ হাজার ১৫ দশমিক ৭৪০ হেক্টর আয়তনে ৮২টি জলাশয় রয়েছে। এ ছাড়া ৪৮ দশমিক ৩৩ হেক্টর আয়তনের ১৭২টি প্লাবনভূমি রয়েছে।
টাঙ্গাইলের ১২টি উপজেলার বিল, জলাশয় ও প্লাবনভূমিতে শীত মৌসুমে দেশি পাখির সঙ্গে সরালি হাঁস এসে যোগ দেয়। বোরো ধানের খোলা মাঠে বা জলাধারের কিনারে অল্প পানিতে মাছ শিকারের জন্য ঝাঁকে ঝাঁকে কানিবক, গো-বক, ছোট সাদা বক, বেগুনি বক, বড় বক, নিশি বক, সরালি হাঁস, বালিহাঁস, পাতিহাঁস, লেজহাঁস, পেরিহাঁস, পানকৌড়ি, শামুককনা, গাঙ কবুতর, মানিকজোড়সহ নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি বিচরণ করে। পাখিরা রাতে সাধারণত আশপাশের গাছে আশ্রয় নেয়।
স্থানীয়দের অভিযোগ, শিকারিরা ছোট মাছের পেটে বাসুডিন, ফুরাডান ও কার্বোটাফ নামে এক ধরনের বিষ ঢুকিয়ে খাল-বিল, জলাশয় ও প্লাবনভূমির পাশে কিংবা খোলা মাঠে ছিটিয়ে রাখেন। এটিকে ‘বিষটোপ’ বলা হয়। এসব বিষ মেশানো মাছ খেয়ে দেশি-বিদেশি পাখিগুলো অচেতন হয়ে যায়। পরে শিকারিরা পাখি ধরে হাটবাজার ও স্থানীয়দের কাছে বিক্রি করেন। এ ছাড়া পুঁটি মাছের পেটে বিষ দিয়েও নির্বিচারে বক শিকার করা হয়। মূলত খাওয়ার জন্যই বক শিকার করা হয়। পাশাপাশি নাইলনের সুতোয় তৈরি ফাঁদ ও বাটাল (পাখি শিকারের জন্য এক ধরনের দেশীয় অস্ত্র বা খেলনা) দিয়েও সরালি হাঁস শিকার করা হচ্ছে। কেউ কেউ এসব পাখি শিকার করে স্থানীয় বাজারে চড়া দামে বিক্রি করছেন।
নাম প্রকাশ না করে একাধিক শিকারি জানান, প্রতিবছর শীত মৌসুমে শখের বসে খাল-বিল, জলাশয় ও প্লাবনভূমি থেকে বিভিন্ন প্রজাতির বক, ঘুঘু, বালিহাঁস, পানকৌড়ি ও শামুককনা শিকার করেন তাঁরা। এসব পাখি বিষজাতীয় দ্রব্য বা বাটালের মাধ্যমে শিকার করা হয়। শিকার করা বক আকারভেদে প্রতিটি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, পাখি শিকার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছরের জেল বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে।
বাংলাদেশ বন ভবনের বন সংরক্ষক (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) আর. এস. এম. নুরুল ইসলাম জানান, টাঙ্গাইলে এ বিভাগের জন্য সুনির্দিষ্ট কোনো ইউনিট নেই। তবে বিভাগীয় বন কর্মকর্তা বিষয়টি দেখভাল করেন। বন্যপ্রাণী সংরক্ষণে স্থানীয়দের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তবেই কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয়দের সমন্বয়ে অসাধু পাখি শিকারিদের হাত থেকে অতিথি পাখিদের রক্ষা করে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।
প্রতিনিধি/আরএইচ