চট্টগ্রামের পাহাড়তলীতে বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) দপ্তরে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বিগত ১৭ বছর ধরে প্রভাব বিস্তার করা একটি সুবিধাভোগী চক্র। অভিযোগ উঠেছে, পরিবর্তিত পরিস্থিতিতেও পুরোনো ব্যবসায়িক বলয় অক্ষুণ্ন রাখতে চক্রটি নতুন প্রভাবশালী মহলের সঙ্গে আঁতাত করে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি ও অস্থিরতা তৈরির তৎপরতা চালাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র ও কয়েকজন ঠিকাদারের অভিযোগ অনুযায়ী, এই তৎপরতার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের (বারেসাএসএ) সভাপতি ফেরদৌস হুদা চৌধুরী এবং তাঁর বড় ভাই কানাডাপ্রবাসী লাকি হুদা চৌধুরী। তাঁদের সংশ্লিষ্ট ব্যবসায়িক বলয় রেলঅঙ্গনে ‘চৌধুরী সিন্ডিকেট’ নামে পরিচিত।
খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের সিসিএস দপ্তরে লোকোমোটিভ মেরামতের যন্ত্রাংশ সরবরাহের জন্য বর্তমানে ৩৮টি প্রতিষ্ঠানের তালিকাভুক্তি (এনলিস্টমেন্ট) রয়েছে। সম্প্রতি নতুন করে এনলিস্টমেন্ট পেতে আবেদন করেছে আরও ৫৪টি প্রতিষ্ঠান। এই চলমান প্রক্রিয়াকে কেন্দ্র করে সংঘবদ্ধভাবে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার, বিতর্কিত তহবিল গঠন এবং বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষার অভিযোগ উঠেছে।
সম্প্রতি চট্টগ্রামে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের দপ্তরে এনলিস্টমেন্ট কার্যক্রম ঘিরে ব্যবসায়ীদের একটি অংশ সমবেত হন। অভিযোগ রয়েছে, প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের উপস্থিতিতে ওই সমাবেশ একপর্যায়ে ঘেরাও পরিস্থিতিতে রূপ নেয়। সেখানে প্রশাসনিক সিদ্ধান্ত পরিবর্তনের কৌশল নিয়েও আলোচনা হয়।
এছাড়া গত ২১ নভেম্বর সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা অপেক্ষায় রেখে সংবাদ সম্মেলন বাতিল করার ঘটনা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ওই সংবাদ সম্মেলন ঘিরে সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরীর ব্যবসায়িক অংশীদার জাহিদের সঙ্গে ফেরদৌস হুদা চৌধুরীর হঠাৎ সমঝোতা বা ব্যবসায়িক যোগাযোগের বিষয়টিও আলোচনায় এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরদৌস হুদা চৌধুরীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে বিদেশি প্রস্তুতকারকের পরিচয় ব্যবহার করে যন্ত্রাংশ সরবরাহ এবং ট্র্যাকশন মোটর ক্রয়ে অস্বাভাবিক মূল্য নির্ধারণের অভিযোগ রয়েছে। ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর দায়ের করা একটি অভিযোগপত্রে বলা হয়, ২০১১ সালের এনলিস্টমেন্টে ‘ডিজেল ইমপেক্স কানাডা’ প্রায় ৩০ হাজার ৪৩১টি যন্ত্রাংশ সরবরাহের অনুমোদন পায়।
পরবর্তী কারিগরি মূল্যায়নে ‘ডিজেল ইমপেক্স কানাডা’, ‘রেল ইন্ডাস্ট্রিজ কানাডা’ এবং ‘টিএনটি পাওয়ার প্রোডাক্টস ইউএসএ’-এর প্রকৃত প্রস্তুতকারক পরিচয়, আইএসও সনদ, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহ করা ট্র্যাকশন মোটরের মান নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।
একই অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৫ সালের একটি ক্রয়ে ট্র্যাকশন মোটরের একক মূল্য ধরা হয়েছিল ৫৯ হাজার ৪৫০ মার্কিন ডলার। অথচ ২০১৭ সালের অন্য একটি ক্রয়ে একই ধরনের মোটরের একক মূল্য দেখানো হয় ১ লাখ ১ হাজার ৪৭৫ মার্কিন ডলার। দুটি ক্রয়ের মধ্যে এমন অস্বাভাবিক মূল্যপার্থক্য, কারিগরি স্পেসিফিকেশন ও দরপত্র মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল।
এ ছাড়া প্রায় ১০ বছর আগে ফেরদৌস হুদা চৌধুরীর মাধ্যমে ট্র্যাকশন মোটরের ইন্টারফিল্ড ও মেইন ফিল্ড মিলিয়ে প্রায় ৮ কোটি টাকার যন্ত্রাংশ সরবরাহ করা হয়েছিল। অভিযোগ রয়েছে, নিম্নমান বা অসামঞ্জস্যতার কারণে এসব যন্ত্রাংশ এখনো পাহাড়তলীস্থ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় (কেলোকা) অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। দপ্তর থেকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সেগুলো প্রতিস্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের কয়েকজন ঠিকাদার জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী এই গোষ্ঠী এখন নতুন করে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। অনিয়ম-দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় স্বার্থান্বেষী মহলটি অস্বস্তিতে পড়েছে এবং নানা কৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে। সচেতন মহলের দাবি, অতীতে যারা সুবিধা নিয়েছে এবং বর্তমানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সরকারি ক্রয়প্রক্রিয়ায় এমন অনৈতিক চাপ অব্যাহত থাকলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে। এতে লোকোমোটিভ মেরামত ও অত্যাবশ্যকীয় যন্ত্রাংশ সরবরাহ বিঘ্নিত হয়ে রেলওয়েতে চলমান যন্ত্রাংশ সংকট আরও প্রকট হতে পারে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ রেলওয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘নতুন করে জমা পড়া ৫৪টি আবেদন যথাযথভাবে যাচাই-বাছাই করা জরুরি। আবেদনগুলোর কাগজপত্র সঠিকভাবে আছে কি না, তা যাচাই-বাছাই করতে একটু সময় লাগছে। যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি রেলওয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, আমাদের সেদিকেও বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে।’
প্রতিনিধি/একে