দীর্ঘ আট মাসেরও বেশি সময় পর হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৪১৭ জনের হাম শনাক্ত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত বা সন্দেহজনক- কোনো ধরনের হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে সংক্রমণ এখনো অব্যাহত রয়েছে। এ সময়ে নতুন করে ৯৬ জন নিশ্চিত ও ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
নতুন শনাক্ত হওয়া ৯৬ জন নিশ্চিত রোগীর সবাই তিন বিভাগে পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩ জন, সিলেট বিভাগে ৩৫ জন এবং চট্টগ্রাম বিভাগে ৮ জন শনাক্ত হয়েছেন। ময়মনসিংহ, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।
অন্যদিকে, সন্দেহজনক রোগী আট বিভাগেই শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৭৫ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ৯৫ জন, খুলনায় ৯৩ জন, ময়মনসিংহে ৭৬ জন, রাজশাহীতে ৩৮ জন এবং রংপুর বিভাগে ২২ জন রয়েছেন।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৬১ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ২৬ হাজার ২৩২ জন নিশ্চিত ও ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই আট মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন। এ সময়ে নিশ্চিত হামে ১০৫ জন ও সন্দেহজনক হামে ১ হাজার ২৪৭ জনসহ মোট ১ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে।
দেশবার্তা/একে