চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার আহ্বান

দেশবার্তা প্রতিবেদক

অর্থ-বাণিজ্য

চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার জন্য গবেষণা, নীতিগত সংলাপ ও সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা

2026-11-25T14:55:53+06:00
2026-11-25T14:55:53+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার আহ্বান
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর এগিয়ে নেওয়ার জন্য গবেষণা, নীতিগত সংলাপ ও সম্ভাব্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, এই করিডরকে শুধু একটি অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর গড়ে তোলার যে আহ্বান জানিয়েছেন, তা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে এই করিডর সুচিন্তিত মনোযোগের দাবি রাখে।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এ ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি করেছে। তবে করিডর বাস্তবায়নের সম্ভাবনা বিবেচনায় রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। এ জন্য ত্রিদেশীয় সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে। বর্তমানে এই সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর  রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন পথ উন্মোচিত হয়েছে৷ এক্ষেত্রে চীনও ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, চীনের সঙ্গে শুধু বাণিজ্য বাড়ানো নয়, বরং যৌথ উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন খাতে আরও বেশি চীনা বিনিয়োগকে বাংলাদেশ উৎসাহিত করতে চায়।

বন্দর ও নৌ-পরিবহন সংযোগের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে সমুদ্রবন্দরনির্ভর। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান রয়েছে। এ অবস্থান কাজে লাগাতে দেশের বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার কেন্দ্র হিসেবে না রেখে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করতে হবে।

এ ক্ষেত্রে বন্দর নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন ও বন্দর ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব বন্দর, জ্বালানিসাশ্রয়ী সামুদ্রিক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো উদ্যোগের পরিপূরক হিসেবে বাংলাদেশে আরেকটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প উন্নয়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে।

চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে কারখানা স্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যাগত সুবিধা ও ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারে পণ্য রপ্তানির ভিত্তি হিসেবে দেশটিকে ব্যবহার করা সম্ভব। বিশেষ করে ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার, ব্যাটারি ও শিল্প যন্ত্রপাতি উৎপাদনে সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

বিশেষ বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।

বাংলাদেশে চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহযোগিতায় বিআইআইএসএস এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement