খেলাপি ঋণের চাপ অব্যাহত থাকলেও চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের ব্যাংক খাতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন ঘাটতি কিছুটা কমেছে। গত জুন শেষে এ ঘাটতি ২ লাখ ২২ হাজার কোটি টাকা থাকলেও সেপ্টেম্বর শেষে তা কমে ২ লাখ ১৮ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, তিন মাসের ব্যবধানে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি কমেছে ৪ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। এর আগে গত বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতি রেকর্ড ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকায় পৌঁছেছিল। ওই সময় খেলাপি ঋণ ছিল ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা, যা ছিল মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
নিয়ম অনুযায়ী, ব্যাংকগুলোকে সাধারণ ঋণের বিপরীতে ১ শতাংশ এবং ঋণের শ্রেণিমান ভেদে খেলাপি ঋণের বিপরীতে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ঋণ আদায় না হলে সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ব্যাংকের আয় থেকে এই অর্থ আলাদাভাবে জমা রাখা হয়।
ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের অনিয়ম, জালিয়াতি ও ঋণ লুটের প্রকৃত চিত্র সামনে আসতে শুরু করে। ভুয়া প্রতিষ্ঠান ও অনিয়মের মাধ্যমে বিতরণ করা ঋণ শনাক্ত করে খেলাপি হিসেবে শ্রেণিকরণ করায় খেলাপি ঋণের অঙ্ক দ্রুত বৃদ্ধি পায়। এর সরাসরি প্রভাব পড়েছে ব্যাংকগুলোর প্রভিশন ও মূলধন ঘাটতির ওপর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা তাদের বিতরণ করা ঋণের ৪৬ দশমিক ৫৯ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি রয়েছে প্রায় ৭৪ হাজার কোটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার কোটি টাকা এবং এসব ব্যাংকেও উল্লেখযোগ্য পরিমাণে প্রভিশন ঘাটতি রয়েছে।
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৩০০ কোটি টাকায়, যা তাদের মোট ঋণের ৩৯ দশমিক ৫ শতাংশ। এসব ব্যাংকের প্রভিশন ঘাটতি ২৭ কোটি টাকা।
পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার পতনের আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকায়। সরকার পরিবর্তনের পর প্রকৃত চিত্র প্রকাশ করা হলে খেলাপি ঋণ আরও বাড়ে। পরবর্তীতে বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়ায় তা কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে আবারও বাড়ছে।
কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি বিশেষ ইউনিট গঠন, আইনি কার্যক্রম জোরদার, অর্থঋণ আদালতে মামলা দ্রুত নিষ্পত্তি এবং জামানত আদায়ের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ঋণ পুনঃতফসিল ও ‘এক্সিট পলিসি’র আওতায় সুদ মওকুফ করে শুধু আসল পরিশোধের বিশেষ সুবিধাও দেওয়া হচ্ছে। তবে এসব পদক্ষেপের পরও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আসছে না।
এদিকে গত দুই বছর ধরে ব্যাংক খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে অবস্থান করছে। নতুন বিনিয়োগে ব্যবসায়ীদের অনীহা, বৈশ্বিক অস্থিরতা এবং জ্বালানির মূল্যবৃদ্ধিতে ব্যবসায়িক ব্যয় বেড়ে যাওয়ায় ঋণ আদায়ে বাড়তি চাপ তৈরি হয়েছে, যা ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থাকে প্রভাবিত করছে।
দেশবার্তা/একে