আসন্ন রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর, আপেল ও কমলা আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং আপেল ও কমলার নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে এই হ্রাসকৃত শুল্ক কার্যকর থাকবে। এতে খেজুরের মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে আপেল ও কমলার ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে এ দুটি ফলের মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। আপেল ও কমলার নতুন শুল্ক হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত হয়। এনবিআরের আশা, এই সিদ্ধান্তের ফলে ফলের আমদানি ও সরবরাহ বাড়বে এবং বাজারে দাম সহনীয় থাকবে। তবে বাজার সংশ্লিষ্টদের মতে, শুল্ক কমানোর সুফল ভোক্তাপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী পৌঁছায় না।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল, যা ধারাবাহিকভাবে কমে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার টনে নামে। তবে ২০২৫-২৬ অর্থবছরে আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
অন্যদিকে গত ছয় অর্থবছরে কমলার আমদানি ক্রমাগত কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমে আসে, যা গত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
দেশবার্তা/একে