বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’ চালু করেছে কর্মসংস্থান ব্যাংক।
বুধবার (২৫ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ১ হাজার কোটি টাকার এই ঋণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিটির উদ্বোধন করেন এবং ছয়জন উদ্যোক্তার হাতে ঋণের চেক তুলে দেন।
উদ্বোধনী দিনেই দেশের ২৯০টি শাখায় একযোগে ১ হাজার ৫৪৪ জন উদ্যোক্তার মাঝে প্রায় ৩৩ কোটি টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক গঠিত ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের আওতায় কর্মসংস্থান ব্যাংকের অনুকূলে এই ১ হাজার কোটি টাকা মঞ্জুর করা হয়। পুরো কর্মসূচির মাধ্যমে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এ এফ এম মতিউর রহমান বলেন, আশা করি, বাংলাদেশ ব্যাংক দেশের বেকার যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আরও সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদান অব্যাহত রাখবে। এর মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ঋণ বিতরণ সন্তোষজনক পর্যায়ে রাখতে হবে এবং নিশ্চিত করতে হবে, যাতে সঠিক ব্যক্তি ও প্রকৃত উদ্যোক্তার হাতে অর্থায়ন পৌঁছে। দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সঠিক কর্মসংস্থানমূলক উদ্যোগে ঋণের অর্থ ব্যবহার করতে হবে। ঋণের অর্থ যেন কোনোভাবেই নির্ধারিত উদ্দেশ্যের বাইরে ব্যবহৃত না হয়, সে বিষয়ে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, কর্মসংস্থান ব্যাংক যে মহান লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সঠিকভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাংকের মাধ্যমে আরও বেশি অর্থায়ন করা হলে তরুণ সমাজের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ও ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, পরিচালনা বোর্ডের পরিচালক তালুকদার সালাহউদ্দীন আহমাদ এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী।
সভাপতির বক্তব্যে পারভীন আকতার জানান, কর্মসংস্থান ব্যাংক তার প্রতিষ্ঠার লক্ষ্য অনুযায়ী উৎপাদনমুখী খাতে ঋণ সহায়তা অব্যাহত রেখেছে। এ কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দেশবার্তা/একে