দেশের শ্রমিক, দিনমজুর এবং সুবিধাবঞ্চিত ও নির্যাতিত মানুষের ন্যায্য অধিকার, আইনি সুরক্ষা ও মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে ‘বাংলাদেশ মজলুম ঐক্য পরিষদ’।
চলতি বছরের (২০২৬) পয়লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক পথসভা ও পরবর্তী বিশেষ বৈঠকের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। সে সময় আয়কর আইনজীবী মাইনুদ্দিন মজুমদারকে আহ্বায়ক এবং মো. সাইদুর রহমান সিকদারকে সদস্যসচিব করে প্রাথমিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
পরবর্তীতে কার্যক্রম আরও গতিশীল করতে গত সেপ্টেম্বর মাসে মাইনুদ্দিন মজুমদারকে সভাপতি এবং মো. সাইদুর রহমান সিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সংগঠনটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সংগঠনটি বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন ৯৭ ও ৯৮-এর আলোকে প্রণীত নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, ইতোমধ্যে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে ‘বাংলাদেশ মজলুম ঐক্য পরিষদ’। ভবিষ্যতে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
দেশবার্তা/একে