দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মুক্তির মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক; কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী অধ্যাপক মহিউদ্দিন; জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ.স.ম. সায়েম; নওগাঁ পৌরসভা জামায়াতের আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব এবং নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম।
সমাবেশ পরিচালনা করেন নওগাঁ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদের বাস্তবায়নই ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট ও ফ্যাসিজমের পথ রুদ্ধ করার একমাত্র উপায়। সরকার ও সরকারদলীয় কিছু লোকের প্রত্যক্ষ ও পরোক্ষ আশ্রয়-প্রশ্রয়ে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা একটি থানা বা জেলার শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, এমনকি নিজেদের দলীয় সংসদ সদস্যদের বাসাবাড়ির নিরাপত্তাও দিতে পারেন না, তাঁদের পক্ষে সারা দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব বলে আশা করা যায় না।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশের সর্বস্তরে সংস্কার। সেই সংস্কারের মাধ্যমে জাতীয় সংসদ, সংবিধান ও সামগ্রিক রাষ্ট্রব্যবস্থায় এমন একটি মানবিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, এখন যারা সরকারে আছেন, তাঁরা গণভোটের পক্ষে, ‘হ্যাঁ’-এর পক্ষে এবং সংস্কারের পক্ষে কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় এসে তাঁরা আবারও জাতির সামনে ফ্যাসিবাদের নমুনা উপস্থাপন করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে সব সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের বসানো হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধেই তাঁদের আন্দোলন ছিল। আজ তাঁরা সেই বৈষম্য দেখতে পাচ্ছেন।
মাহফুজুর রহমান বলেন, মুখে তাঁরা শতভাগ সংস্কারের কথা বলছেন, কিন্তু কার্যত সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। আগামীতে কোনো ঐক্য হলে তার ভিত্তি হবে চব্বিশের চেতনা ও জুলাই সনদের বাস্তবায়ন। এ ছাড়া কোনো ঐক্য হতে পারে না।
প্রতিনিধি/আরএইচ