মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দানে এ কর্মসূচি পালিত হয়। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দেশব্যাপী সন্ত্রাস, অরাজকতা সৃষ্টি ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদেও এ কর্মসূচির আয়োজন করা হয়।
দুপুরের পর থেকেই বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তোলেন।
জেলা জামায়াতের আমির অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ আব্দুল মতিন।
জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখী, শালিখা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আফছার আলী, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মো. মাসুদুল আলম, আসন্ন মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ এবং ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেনসহ অন্যরা।
সমাবেশ শেষে নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতার সমালোচনা করে তাঁরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও নাশকতা দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা।
প্রতিনিধি/আরএইচ