দিনাজপুরে বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৫-২৬ বাস্তবায়নে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সদর উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন)-এর সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা বলেন, এই কর্মশালা শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলেই হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। সুস্থভাবে বাঁচতে হলে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। শিশু ও কিশোরদের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্য অপরিহার্য।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ (তুষার) এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার।
কর্মশালায় বক্তব্য রাখেন গেইন-এর কনসালটেন্ট এ নীহার কুমার প্রামানিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা (ফাজিলপুর) মো. আবু বোরহান। কর্মশালা উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মাহবুবুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা (চেহেলগাজী) আরিফুর রহমান, গেইন-এর রিসোর্স পার্সন মো. সিরাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি, আদিবাসী প্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, ইমামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।