ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিটের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে সাধারণ দর্শকদের কাছ থেকে আবেদন নেওয়া হবে। আজ থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জানুয়ারি পর্যন্ত। আবেদন করতে হলে ৫০০ টাকা জমা দিতে হবে।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দেশ ও অংশ না নেওয়া দেশগুলোর জন্য টিকিট বরাদ্দ আলাদা হয়ে থাকে। সেই হিসাবে বাংলাদেশ সর্বোচ্চ ৩৩০টি টিকিট পাবে।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন দেশে— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। তবে বেশির ভাগ ম্যাচ আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রে। এবারই প্রথম ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা।
এর আগে ফিফা বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বের ২১১টি দেশের দর্শকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছিল। ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র্যান্ডম পদ্ধতিতে প্রায় ৫০ কোটি আবেদন জমা পড়ে। এর মধ্যে বাংলাদেশি দর্শকরাও আবেদন করেছেন। ফিফার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ নির্দিষ্ট সংখ্যক টিকিট পায়, যা বণ্টনের জন্যই বাফুফে আবেদন আহ্বান করেছে।
ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন এসেছে ইউরোপ থেকে। ব্রাজিল, কলম্বিয়া, ইংল্যান্ড, জার্মানি ও আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে।
গত দুটি বিশ্বকাপ—রাশিয়া ২০১৮ ও কাতার ২০২২-এ টিকিটধারী দর্শকদের জন্য ফ্যান আইডি চালু ছিল, যা ভিসার বিকল্প হিসেবে ব্যবহৃত হতো। টিকিট কিনলেই ফ্যান আইডির মাধ্যমে ভ্রমণের অনুমতি মিলত এবং দূতাবাসে আলাদা করে ভিসার জন্য যেতে হতো না। তবে এবার সেই নিয়ম বাতিল করা হয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। ভিসা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র প্রশাসন জানিয়েছে, বিশ্বকাপের টিকিটধারীরা ভিসা সাক্ষাৎকারে অগ্রাধিকার পাবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ভিসা সাক্ষাৎকার পাওয়া কঠিন হয়ে পড়েছে। এখন আবেদন করলে সাধারণত ১০ মাস থেকে এক বছর পর সাক্ষাৎকারের সময় পাওয়া যায়। তবে বিশ্বকাপের টিকিটধারীদের ক্ষেত্রে দ্রুত সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে।
বাফুফের মাধ্যমে যারা টিকিট কিনতে আগ্রহী, তাদের নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মকানুন বাফুফের পক্ষ থেকে জানানো হওয়ার কথা থাকলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা প্রকাশ করা হয়নি।
দেশবার্তা/একে