ময়লার স্তূপ থেকে পুলিশের সোর্স দিগন্ত নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলার দুই আসামিকে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় নরসিংদীর মাধবদী থানার পাইকারচর ইউনিয়ন থেকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুই আসামি হলেন মাধবদী থানার বটেরকান্দি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সেলিম মিয়া ওরফে ‘কুত্তা সেলিম’ (৪২) এবং মাধবদী থানার চর ভাসানিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (২৬)।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন মাধবদীর সাবেক রেল সড়কের মদনগঞ্জ রোডের একটি ময়লার স্তূপ থেকে পুলিশের সোর্স দিগন্তের মরদেহ উদ্ধার করা হয়। এ চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে জোর তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুলাই) বিকেলে মাধবদীর পাইকারচর ইউনিয়ন থেকে ঘটনায় জড়িত দুই আসামি সেলিম মিয়া ও রমজান আলীকে গ্রেফতার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “এটি একটি অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। ঘটনার পরপরই আমাদের টিম তদন্তে নামে এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এবং আইনি প্রক্রিয়ার কারণে এখনই এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করছে পুলিশ।
প্রতিনিধি/আরএইচ