শেখ হাসিনার ১৭ বছর শাসনামলে বিএনপি নেতাকর্মীদের রক্তের বন্যা বইয়েছে তাঁর লালিত পুলিশ বাহিনী। বাংলাদেশের প্রতিটি জেলায় ফেনীর হারুন উর রশিদের মতো গ্রামে গ্রামে আরও শত শত বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন। কারও লাশ নদীর ধারে, কারও লাশ পুকুরপাড়ে ফেলে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ফেনীতে পুলিশের গুলিতে নিহত শহীদ হারুন উর রশিদের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীরা রাতে ঘরে ঘুমাতে পারেননি। তাদের পুলিশ বাহিনী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরে ধরে রক্তের বন্যা বইয়ে দিয়েছে। হারুন সে দলের একজন ছোট কর্মী ছিলেন। তাঁকে পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। হারুন পদ্মা সেতুর টাকা বা ব্যাংকের টাকা লুট করেননি। তাঁকে এভাবে নির্মমভাবে হত্যা করে তিন সন্তানকে এতিম করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগেও শহীদ হারুনের পরিবারের খবর নিয়েছেন। এখনও নিচ্ছেন, আগামীতেও শহীদ পরিবারের পাশে থাকবেন।
রিজভী বলেন, ‘আমরা তারেক রহমানের পক্ষ থেকে আজ হারুনের পরিবারকে ঘর উপহার দিতে এসেছি। আরও যারা শহীদ হয়েছেন, আপনারা সকলে তাঁদের পাশে থাকবেন। যার মা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তিনি তারেক রহমান। সে পতাকা বহন করছেন তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অবস্থায় ফিরে আনতে কাজ করছেন।’
অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়ণাল আবেদিন বিপি, আমরা বিএনপি পরিবারের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার, কেন্দ্রীয় বিএনপির সদস্য বেলাল আহমেদ, বেলাল হোসেন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও জেলা ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন মামুন উপস্থিত থেকে বক্তব্য দেন।
এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাবি হস্তান্তর শেষে শহীদ হারুন উর রশিদের কবর জিয়ারত ও দোয়ায় অংশ নেন রুহুল কবির রিজভী।
প্রতিনিধি/আরএইচ