রাঙামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান জব্দের লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ একটি টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে দুই অজ্ঞাত ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে ঘটনাস্থলের কাছে এলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে টহল দল সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করে।
মারিশ্যা (২৭ বিজিবি) জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা করলেও গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব অপতৎপরতা প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/আরএইচ