হবিগঞ্জ শহরে ছাত্রদল ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন (রোকন) বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফখরউদ্দিন জাকি, লাখাই উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল হাই কামাল, কফিল গাজী, হবিগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব মাহবুবুর বারী চৌধুরী, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, আহ্বায়ক আবু হেনা মুস্তফা কামালসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
বাদীর দাবি, কেন্দ্রীয় ছাত্রদলের একটি কর্মসূচিতে যোগ দিতে কোর্ট মসজিদের সামনে অবস্থানকালে এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কয়েকজনের কাছে থাকা পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক বলেন, "১০ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রতিনিধি/আরএইচ