দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনসিসি প্লাটুন, শেরপুর জেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’—এই প্রতিপাদ্য সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
র্যালির উদ্বোধন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আক্রাম হোছাইন, শেরপুর সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর সরকারি মহিলা কলেজের পিইউও তৃষা রাণী সিংহ রায়, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি বিএনসিসি প্লাটুনের টিইউও মোহাম্মদ হাবিবুর রহমান এবং সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. মনিরুজ্জামান।
শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনসিসির ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন।
বিএনসিসি সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ১৩ আগস্ট সারাদেশে একযোগে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। সদর দপ্তর ৪ বিএনসিসি ব্যাটালিয়নের ৯ আগস্টের এক নির্দেশনায় সব প্লাটুনকে কর্মসূচি বাস্তবায়ন এবং প্রয়োজনীয় গণমাধ্যম কভারেজ নিশ্চিত করতে বলা হয়।
কর্মসূচিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকে, সেগুলো নিয়মিত পরিষ্কার ও পানি অপসারণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন অভিযান যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করাও জরুরি। ‘জমে থাকা পানি নয়, পরিচ্ছন্নতায় ডেঙ্গু ক্ষয়’—এই বার্তা ছড়িয়ে দিয়ে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
প্রতিনিধি/আরএইচ