শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানের মাধ্যমে পাচারের সময় প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।
শুক্রবার (১৪ আগস্ট) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, শ্রীবরদী উপজেলার পাঁচমেঘাদল সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। অভিযান চলাকালে চোরাকারবারীদের অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখা হবে।
বিজিবি জানিয়েছে, জব্দ করা ভারতীয় কসমেটিকস প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/আরএইচ