| চলমান বার্তা: |

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়েছে।
তারা হলেন- দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম (ডোনার) এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই দলের সিদ্ধান্ত অনুযায়ী এই চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন যুক্ত হওয়া স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব সামলাচ্ছেন। আমান উল্লাহ আমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কের দায়িত্বে ছিলেন এবং ফরহাদ হালিমও একই ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এরপর গঠন করা স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের মৃত্যু ও পদত্যাগের কারণে পদগুলো শূন্য হয়। সেসব শূন্য পদ পূরণের ধারাবাহিকতায় এবার একসঙ্গে এই চার নেতাকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করল বিএনপি।
