মাগুরার শ্রীপুর উপজেলায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১২টায় সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় দেশীয় প্রজাতির কৃষ্ণচূড়া, কামরাঙা, শিমুল, পেয়ারা, জলপাইসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান, পরিবেশবিদ বাপ্পি সরদার।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ, সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. কামরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার এমডি শিপন মিয়াসহ অন্যরা।
এ সময় সবুজ আন্দোলনের উপজেলা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম, সোহরাব হোসেন, আবুল কালাম আজাদ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, "মুসলিম ঐতিহ্য ও শিশুতোষ কবি কাজী কাদের নওয়াজের বাড়ির আঙিনায় আজ বৃক্ষরোপণ করতে পেরে সত্যিই আনন্দিত। বর্তমানে সরকার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্বীকৃতি দেওয়ায় নিয়মিত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত কবির বাড়ি। আমাদের সংগঠন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সমাজের সচেতন মানুষ নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করলে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে আগামী প্রজন্মকে রক্ষা করা সম্ভব।"
বিশেষ অতিথির বক্তব্যে মো. সাইফুল্লাহ বলেন, "বিগত সময়ে আমাদের উপজেলা সবুজে ঘেরা থাকলেও বর্তমানে নির্বিচারে বৃক্ষ কর্তন করা হচ্ছে। অবৈধ ইটভাটা পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। সবুজ আন্দোলন কয়েক বছর ধরে জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করে আসছে। আজকের এই উদ্যোগকে শ্রীপুর উপজেলাবাসী ও জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।"
প্রতিনিধি/আরএইচ