নড়াইল সদর উপজেলায় যশোর-নড়াইল-কালনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাকচালকের সহকারী আল-আমিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর জেলার কোতোয়ালি উপজেলার খোলাডাঙ্গা গ্রামের মো. মফিজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রাকচালকের সহকারী আল-আমিন গাড়ির চাকা পরীক্ষা করছিলেন। এমন সময় যশোর থেকে নড়াইলগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা দুইজন আহত হন। তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/আরএইচ